ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান-স্ত্রীসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান-স্ত্রীসহ নিহত ৭

ছবি: -সংগৃহীত

কেনিয়ায় পর্যটন ভ্রমণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি, তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ধোঁয়া উঠতে দেখা যায়। কেনিয়া রেড ক্রসের উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে জ্বলতে থাকা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে উদ্ধার তৎপরতা চালান।

৪৪ বছর বয়সী সেনসি-কন্তুজি ২০২৪ সালে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান। তার মৃত্যুর ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কার্যালয় শোক প্রকাশ করেছে। তবে দুর্ঘটনার কারণ কিংবা গোয়েন্দাপ্রধানের কেনিয়ায় সফরের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইকুয়েডর সরকার।

নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ রয়েছেন। বাকি চারজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031