ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে ইমিগ্রেশনের জন্য ২৬৪ নতুন পদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে ইমিগ্রেশনের জন্য ২৬৪ নতুন পদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে ইমিগ্রেশন সেবা পরিচালনার জন্য স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাংগঠনিক কাঠামোতে ২৬৪টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে টার্মিনালের কার্যক্রম পরিচালনায় ২৬টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার অনুমোদনও দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ১৬ আগস্ট এ বিষয়ে অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক আদেশ জারি করার পর এসবির সাংগঠনিক কাঠামোতে নতুন পদগুলো যুক্ত হবে।

অনুমোদিত ২৬৪টি পদের মধ্যে পুলিশ বিভাগের ২৫৬টি এবং নন-পুলিশের ৮টি পদ রয়েছে। পুলিশ বিভাগের পদগুলোর মধ্যে এএসপি ৩টি, পুলিশ পরিদর্শক ১৬টি, এসআই ১৫০টি, এএসআই (নিরস্ত্র) ৩৬টি এবং কনস্টেবল ৫১টি।

নন-পুলিশ পদগুলোর মধ্যে সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের একটি করে পদ রয়েছে। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ২টি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি পদ সৃষ্টি করা হয়েছে।

মোট ২৬৪টি পদের মধ্যে ৩টি ক্যাডার পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে এবং ২৬১টি নন-ক্যাডার পদ পাঁচ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।

থার্ড টার্মিনালের জন্য অনুমোদিত ২৬টি যানবাহনের মধ্যে রয়েছে একটি জিপ বা এসইউভি, দুটি ডাবল-কেবিন পিকআপ, একটি বাস, একটি মিনিবাস, একটি মাইক্রোবাস এবং ২০টি মোটরসাইকেল।

পদ সৃষ্টি ও যানবাহন অনুমোদনের ক্ষেত্রে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখার সম্মতি, বেতনস্কেল ভেটিং এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণের বিষয় রয়েছে। ক্যাডার পদ সৃষ্টি ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার ক্ষেত্রেও প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

এ ছাড়া স্থায়ী ক্যাডার পদ সৃষ্টির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাডার বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করতে হবে। যেসব পদ নিয়োগ বিধিমালায় নেই, সেগুলোও বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টি ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার সরকারি আদেশ জারির পর এসবির সাংগঠনিক কাঠামো হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031