https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং তাদের নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক হামলাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং খুব শিগগিরই সরকারের পদক্ষেপ দৃশ্যমান হবে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশে আইনের শাসনের ঘাটতির কারণে জঙ্গল সলিমপুর কার্যত রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রে পরিণত হয়েছিল। যৌথ অভিযানে সেখানে অস্ত্র উদ্ধার ও দাগী আসামি গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন তিনি। এলাকাটিতে ভবিষ্যতে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, সন্ত্রাসীরা তাদের পুরোনো নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
এদিকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেন, জঙ্গল সলিমপুরে হামলাকারীরা অতর্কিতভাবে আক্রমণ চালালেও র্যাবকে পরাস্ত করার মতো শক্তি তাদের নেই। তিনি স্বীকার করেন, গোয়েন্দা নজরদারিতে কিছু দুর্বলতা ছিল, তবে অভিযানে ইতোমধ্যে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, হামলাকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই উচ্ছেদ করা হবে এবং তাদের আর এলাকায় ফিরে আসতে দেওয়া হবে না।