https://timenewsbangla.com

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় শিক্ষক গণপতি চক্রবর্তীর কাছে ধরা পড়ার পর তাকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী, ২৩ বছরের মেয়ে ও ১২ বছরের ছেলেকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়।
শনিবার রাতে নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, হত্যার প্রায় এক মাস আগে গণপতি চক্রবর্তী প্রভিডেন্ট ফান্ড থেকে ১৫ লাখ টাকা তুলেছিলেন। ওই অর্থ কোথায় রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে নিহতদের মুখ ঝলসানো নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, পচনের কারণেও মুখমণ্ডল এমন দেখাতে পারে। ফরেনসিক প্রতিবেদনেই বিষয়টি নিশ্চিত হবে।