https://timenewsbangla.com

মুক্তির মাত্র এক দিনের মধ্যেই নেটফ্লিক্সের বিশ্বব্যাপী জনপ্রিয় সিনেমার তালিকার শীর্ষে উঠে এসেছে ‘ফেসিং এল চ্যাপো’। ২১ আগস্ট মুক্তি পাওয়া ৯১ মিনিটের এই ক্রাইম থ্রিলারটি নির্মিত হয়েছে মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানকে ঘিরে সত্য ঘটনা অবলম্বনে।
সিনেমাটি পরিচালনা করেছেন চাভা কার্তাস। অভিনয়ে রয়েছেন আলফনসো হেরেরা, নোয়ে হার্নান্দেজ ও হেক্টর কটসিফাকিস।
গল্পে দুই পুলিশ কর্মকর্তা একটি চুরি যাওয়া গাড়ি থামিয়ে তল্লাশি করতে গিয়ে আবিষ্কার করেন, গাড়িতে থাকা ব্যক্তি আর কেউ নন—এল চ্যাপো। এরপর তাকে পুনরায় গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় টানটান উত্তেজনার গল্প।
২০১৬ সালে কারাগার থেকে পালানোর পর এল চ্যাপোর পুনরায় গ্রেপ্তারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সে তার জীবন ও অপরাধ সাম্রাজ্য নিয়ে ‘এল চ্যাপো’ সিরিজ প্রকাশিত হয়েছিল।
তবে ‘ফেসিং এল চ্যাপো’ পুরো জীবনকাহিনি নয়; বরং একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। সংক্ষিপ্ত দৈর্ঘ্য, সত্য ঘটনা ও টানটান ক্রাইম থ্রিলারের সমন্বয়ই মুক্তির পর সিনেমাটির দ্রুত জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন দর্শকেরা।