https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিরোধী দলকে সংসদীয় রীতি মেনে অধিবেশনে ফিরে এসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তুচ্ছ বাহানায় কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউট করলে আখেরে গণতন্ত্রেরই ক্ষতি হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে বিরোধীদলীয় নেতার বক্তব্য ও ওয়াকআউটের পর তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রণয়নসহ দেশের গুরুত্বপূর্ণ সংকটের সমাধান সংসদেই হওয়া উচিত। বিরোধী দল মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কথা বলে ওয়াকআউট করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য দিলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু, এফএসআরইউ নির্মাণ ও এলএনজি সরবরাহসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব নেই। একই সঙ্গে সংবিধান সংশোধন বিশেষ কমিটিতে বিরোধী দলকে নিজেদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি বলেন, সরকারি দল, বিরোধী দল এখানেই বাহাস করবে, এখানেই তর্ক-বিতর্ক করবে এবং এখানেই আমরা সমাধান করবো।