ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউটের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সর্বোচ্চ সতর্কতা

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ

ছবি: -সংগৃহীত

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির পুলিশ সর্বশেষ এ তথ্য জানিয়েছে। উদ্ধারকাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হঠাৎ নেমে আসা প্রবল ঢলের সঙ্গে পাহাড়ি ভূমিধসের কাদা, পাথর ও ধ্বংসাবশেষ মিশে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ কাদার নিচে চাপা পড়েন। বর্তমানে উদ্ধারকারীরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সেখান থেকেই একের পর এক মরদেহ উদ্ধার করছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশ বৃহস্পতিবার রাতে সর্বশেষ হিসাবে ৩৮৯টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছিল ৩৫৯। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আরও ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন করে বন্যা দেখা দিলে ঝুঁকিতে পড়তে পারেন—এমন মানুষদেরও নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার সকালে রাসুয়া এলাকায় আকস্মিকভাবে পাহাড়ি ঢল নেমে আসে। এতে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে ভুটকোশী নদীতেও পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদামাটি ও পাথর মিশে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

প্রবল স্রোতের তোড়ে রাস্তার পাশের ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে যোগাযোগব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এর আগে বুধবার চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নেপাল ও তিব্বতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।