https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। দলের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া।
এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে কাপড়ের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ৫০০ রুপি মূল্যমানের ২০টি ভারতীয় নোট, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।
ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।