ঢাকা
৩১ আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। রোববার (৩০ আগস্ট) সকালে সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি চিতাওয়ানে ২৫৯টি মরদেহ উদ্ধার হয়েছে। পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি, গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাদিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়ায় ১৩টি মরদেহ পাওয়া গেছে।

এদিকে বন্যায় ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধারকাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হেলিকপ্টার। বন্যায় অনেক এলাকা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে চার দিন পরও সেখানে সড়কপথে পৌঁছানো সম্ভব হয়নি।

রাসুয়া জেলায় আকস্মিক বন্যার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। পানির স্রোতে মরদেহগুলো ভেসে কয়েকশ মাইল দূরের এলাকাতেও চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছিলেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে মাত্র ২০টি শনাক্ত করা সম্ভব হয়েছে। মর্গে জায়গা ও মরদেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত ফ্রিজার না থাকায় শনাক্ত না হওয়া মরদেহগুলো সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে, যাতে পরবর্তীতে স্বজনদের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।