ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬

লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আগ্রাসনের জবাব দিতেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটি দুটির প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মার্কিন বাহিনীর বিমান পরিচালনার অবকাঠামোও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরানের ওপর প্রতিটি হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এর আগে রোববার (৩০ আগস্ট) দক্ষিণ ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের জন্য ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এমন দুটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করেই হামলা চালানো হয়।

আইআরজিসি জানিয়েছে, ওই হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930