ঢাকা
৩১ আগস্ট ২০২৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ জব্দ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ জব্দ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

ছবি: -সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশমিক ৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারের একটি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ডিআরআই।

অভিযানে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এক গ্রাউন্ড স্টাফকে আটক করা হয়। তল্লাশিতে তার শরীরে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।

ডিআরআইয়ের দাবি, চক্রটি দুবাই, ব্যাংকক ও মালে থেকে মুম্বাইগামী যাত্রীদের ব্যবহার করে স্বর্ণ পাচার করত। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি রুপি।

গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত এবং পাচার নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হচ্ছিল, তা জানতে তদন্ত চলছে।