https://timenewsbangla.com

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি কোনো স্লোগান নয়, বরং একটি পরিকল্পনা।
বৃহস্পতিবার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আগামী দশকে অর্থনীতির আকার দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশকে এ অঞ্চলের উৎপাদন কেন্দ্র ও প্রবেশদ্বারে পরিণত করার কথাও বলেন তিনি।
পোশাকশিল্পের পাশাপাশি ইলেকট্রনিকস, ওষুধ, হালকা প্রকৌশল ও সবুজ শিল্পকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান খাত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারত্বের ওপরও গুরুত্ব দেন তিনি।