https://timenewsbangla.com

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা চলছে। সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষ যেন সামাজিক অস্থিরতার কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে এখন দেশ পুনর্গঠনের পালা।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সহাবস্থানই দেশের বৈচিত্র্যের সৌন্দর্য। ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ পরিচয়ের পরিবর্তে সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিক প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি নাগরিকরাও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান এবং নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করা সাংবিধানিক মৌলিক অধিকার। তাঁর ভাষায়, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’