https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে হলে জনগণকে সরাসরি সম্পৃক্ত করতে হবে।
বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে মানুষকে আরও সচেতন করার নির্দেশ দেন তিনি।
পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাদের মাধ্যমে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের শরীরে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেই এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।