বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় তাদের চিকিৎসাসেবা ও আবাসনের বিষয়টি সহজ করতে উদ্যোগ নিয়েছে কলকাতার কয়েকটি হাসপাতাল। রোগীদের জন্য নিরাপদ হোটেল খুঁজে দেওয়া এবং প্রয়োজন হলে আগেই বুকিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা করছে তারা।
হাসপাতালগুলোর পক্ষ থেকে শিগগির বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি কলকাতায় যাওয়ার আগে নিরাপদ আবাসন বাছাইয়ে সহায়তা করবেন।
সম্প্রতি কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশের নাগরিক ছিলেন। এ ঘটনার পর কলকাতায় থাকা নিয়ে বাংলাদেশি রোগী ও ভ্রমণকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এরই মধ্যে কলকাতার বাংলাদেশ হাইকমিশন চিকিৎসা বা অন্য প্রয়োজনে কলকাতা ভ্রমণকারীদের আগে থেকেই নিরাপদ হোটেল বুক করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি হোটেলটির প্রয়োজনীয় আইনি অনুমোদন রয়েছে কি না, সেটিও যাচাই করতে বলা হয়েছে।
দক্ষিণ কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল আগামী সপ্তাহে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে। বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালের কাছাকাছি নিজস্ব আবাসনের ব্যবস্থাও করছে তারা।
এদিকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল আলিপুর এলাকার কয়েকটি হোটেল ও গেস্টহাউসের সঙ্গে সমঝোতা করেছে। বাংলাদেশি রোগীদের ভ্রমণের আগেই এসব আবাসন বুক করতে সহায়তা করবে হাসপাতালটি।
রুবি জেনারেল হাসপাতালও বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ডেস্ক চালুর প্রস্তুতি নিচ্ছে। হাসপাতালের আশপাশের নিরাপদ আবাসনের তালিকা তৈরি করে রোগীদের বুকিংয়ে সহায়তা করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালগুলোর কর্মকর্তারা মনে করছেন, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা গেলে হোটেলসংক্রান্ত অনিশ্চয়তা কমবে এবং কলকাতায় বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভ্রমণও সহজ হবে।


মন্তব্য করুন