https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে হঠাৎ ধসে পড়েছে ছয়তলা একটি ভবন। রোববার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার পর এর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে ঘটনাস্থলে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি আকস্মিকভাবে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে আরও কতজন আটকা রয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দিল্লি পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনই বলা সম্ভব নয়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীরা রয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর আশপাশের বাসিন্দারাও উদ্ধারকাজে নেমে পড়েন। উদ্ধারকারী দল ও ভারী যন্ত্রপাতি পুরোপুরি কাজে নামার আগেই অনেককে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কংক্রিটের স্ল্যাবের নিচে একজনকে আটকে থাকতে দেখা যায়। তাকে উদ্ধারে একদল মানুষ স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।
এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রোববার ছুটির দিন হওয়ায় তাদের অধিকাংশই তখন বাসায় ছিলেন বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি অনেকের বাঁচার আকুতি শুনেছেন। এতে ভেতরে আরও মানুষ আটকা থাকার আশঙ্কা জোরালো হয়েছে।
ভবন ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা। তিনি জানান, প্রথম দুজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোনও করছেন বলে জানান তিনি। এতে আরও অনেকে আটকা থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা হিসেবে পরিচিত। ঘনবসতিপূর্ণ এই এলাকায় বহু শিক্ষার্থী সংগঠনের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন।
তবে ভবন ধসের কারণ এবং এতে মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।