https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরকে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইমুক্ত করতে প্রতিদিন অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বছিলা পুলিশ লাইনসে স্থানীয় নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, গত তিন মাসের অপরাধের পরিসংখ্যান আগের তিন মাসের তুলনায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের ক্ষেত্রে উন্নতির চিত্র দেখাচ্ছে। তবে শুধু পরিসংখ্যানের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
মোহাম্মদপুরের বিভিন্ন মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানার তালিকা পুলিশের কাছে রয়েছে জানিয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, এসব স্থানে অভিযান আরও জোরদার করা হবে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানান তিনি।
তবে এসব অপরাধ পুরোপুরি নির্মূলে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে মোহাম্মদপুরকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। বিট পুলিশিং আরও শক্তিশালী করার পাশাপাশি বিট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
রিকশা ও অটোরিকশার গ্যারেজেও নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার। ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অস্ত্র নিয়ে হামলা বা ছিনতাইয়ের চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিশোর গ্যাং দমনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিএমপি যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। পাশাপাশি চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানান ডিএমপি কমিশনার।