https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়েছে ৯৩৩ টাকা, ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তার আগে ৯ সেপ্টেম্বর ১ হাজার ১০৮ টাকা এবং ৬ সেপ্টেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। অর্থাৎ তিন দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা কমার পর এবার আবার দাম বাড়ল।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে।