https://timenewsbangla.com

ছবি: -ফাইল ছবি
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগের মধ্যেই এলো বড় সুখবর। রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জিতে নিয়েছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার।
শুক্রবার বাংলাদেশ সময় রাতের দিকে ভেনিসে নির্মাতা রুবাইয়াত হোসনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ভেনিসের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগ সিনেমাটিকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে।
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। কারণ, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখায় নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর উৎসবে অভিষেকেই আন্তর্জাতিক পুরস্কার জিতে ইতিহাস গড়ল সিনেমাটি।
পুরস্কার গ্রহণের পর রুবাইয়াত হোসন বলেন, বিশ্বের অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে ভেনিসের মতো মর্যাদাপূর্ণ উৎসবে তার সিনেমার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।
নারীর শরীর, আত্মপরিচয় এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমু।
গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়। একই সঙ্গে এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর ভেনিস উৎসবের মূল পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।