বরিশালের গৌরনদীতে রাতে বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর একজন ধর্ষণের চেষ্টা করলে তাকে কুপিয়ে জখম করেন ওই নারী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার যুবকের নাম খায়রুল আঁকন (২২)। তিনি ওই গ্রামের আক্কাস আঁকনের ছেলে। অপর অভিযুক্ত ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, রাতে খায়রুল আঁকন ও তার বন্ধু ইসলাম বালী ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সেখানে খায়রুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা করলে ওই নারী তাকে কুপিয়ে জখম করেন।
অভিযোগ পাওয়ার পর শুক্রবার সকালে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে খায়রুল আঁকনকে আটক করে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন