সরকারি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে নিজের পক্ষে অন্য ব্যক্তি বা ব্যক্তির মাধ্যমে তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই তদবিরের বিস্তারিত তথ্য কর্মচারীর ডোসিয়ারে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০ অনুযায়ী এ ধরনের তদবির নিষিদ্ধ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কোনো কর্মচারীর পক্ষে চাকরি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গের তদবির করা ওই বিধিমালার লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের শামিল।

এ ধরনের তদবির হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদবিরের ঘটনা বিস্তারিতভাবে তার ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।

তবে চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। এসব আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।