দেশের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের পরিচালিত সিনেমাগুলোতে অভিনয় করা নায়কদের মধ্যে আলমগীরকে সেরা অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। অভিনয়ের বিচারে আলমগীরকে ১০-এর মধ্যে ১০ নম্বর দেবেন বলেও জানিয়েছেন এই নির্মাতা।

১৯৭৯ সাল থেকে চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত কাজী হায়াত এ পর্যন্ত ৫২টি সিনেমা নির্মাণ করেছেন। পরিচালক ও লেখক হিসেবে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার পরিচালিত প্রতিটি সিনেমার চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে নিজের দীর্ঘ চলচ্চিত্রজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন কাজী হায়াত। রুম্মান রশীদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানটির এই পর্ব আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩ দশমিক ৬ এফএমে প্রচার হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে কাজী হায়াত জানান, ১৯৭৯ সালে মাত্র ২৫ হাজার টাকার অভাবে তার প্রথম সিনেমা ‘দ্য ফাদার’ মুক্তি দেওয়া কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত স্ত্রীকে গহনা বন্ধক রেখে প্রযোজককে টাকা দিয়ে সিনেমাটি মুক্তি দেন তিনি।

নিজের শৈশবের স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেছেন এই নির্মাতা। তিনি জানান, তার মা তালপাতা কেটে সিদ্ধ করে তার ওপর অক্ষর এঁকে পেরেক দিয়ে রাখতেন। বাঁশের কঞ্চির তৈরি কলম দিয়ে সেখানেই তিনি বর্ণমালা শেখেন।

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মামার সঙ্গে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘সাগরিকা’ সিনেমা দেখেন কাজী হায়াত। সেই সময় থেকেই চলচ্চিত্রের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয় বলে জানান তিনি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।