ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের ব্যক্তিগত অনুভূতি ও পছন্দের বিষয়গুলো প্রায়ই ভক্ত-অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। তার জীবনের ‘প্রথম ক্রাশ’ কে, তা নিয়েও অনুরাগীদের আগ্রহ রয়েছে। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি।

সম্প্রতি সেই ‘প্রথম ক্রাশ’ ভারতের জনপ্রিয় অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। শুক্রবার শেয়ার করা ভিডিওটিতে রনিত রায়কে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের সময় রনিত রায় লিখেছেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

বাঁশির সুরের সঙ্গে রনিত রায়ের এমন আবেগঘন ও জীবনমুখী কথাগুলো পরীমনির ভালো লেগেছে বলেই মনে করছেন অনুরাগীরা। ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে অভিনেতার নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে পরীমনিকে তার জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয় ও প্রথম ছবি মুক্তির অনুভূতিসহ নানা বিষয় জানতে চাওয়া হয়।

প্রথম ক্রাশের নাম জানতে চাইলে পরীমনি সরাসরি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ অর্থাৎ ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ রনিত রায়কেই নিজের প্রথম ক্রাশ হিসেবে জানিয়েছিলেন তিনি। ‘আদালত’ সিরিজে ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয় করে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।

পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের পছন্দ ও ভালো লাগার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। রনিত রায়ের ভিডিও শেয়ার করাও সেই ধারাবাহিকতারই অংশ।