জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় ঢাকার জনপ্রিয় ইকবালের কাচ্চি বিরিয়ানির স্বাদেরও প্রশংসা করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসানের সঙ্গে দুপুরের খাবারের একটি ছবি প্রকাশ করেন।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার এবং প্লেটে ছিল ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি—‘সেই স্বাদ!’

পোস্টে বাংলাদেশের জনপ্রিয় খাবারের প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার খাবারের বৈচিত্র্য ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা নিয়েও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাষ্ট্রদূতের এ পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তাহসানের সঙ্গে তার মধ্যাহ্নভোজ এবং কাচ্চি বিরিয়ানির প্রশংসা নিয়ে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।