চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা তার ব্যাগেজে তল্লাশি চালান।
তল্লাশিতে ব্যাগেজের ভেতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণের অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। বিশেষ কৌশলে স্বর্ণগুলো ব্যাগেজে লুকিয়ে রাখায় কাস্টমস স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তার পাসপোর্ট নম্বর এ১৮০৪২২৪৫। তার ঠিকানা চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে আনুমানিক ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায়ের হিসাব নির্ধারণ করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।


মন্তব্য করুন