মা হওয়ার পর শারীরিক পরিবর্তন ও ওজন বাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তাকে নিয়ে ট্রোলিংয়ের প্রতিবাদে করা একটি পোস্টে ‘লাইক’ দিয়ে নীরব সমর্থন জানিয়েছেন অভিনেতা হৃতিক রোশন।

সম্প্রতি আম্বানি পরিবারের এক আয়োজনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হন ক্যাটরিনা। এরপর তার বর্তমান চেহারার সঙ্গে পুরোনো ছবির তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেও কটাক্ষ করেন।

এমন মন্তব্যের প্রতিবাদে ‘স্টোরিসেলারকমিক্স’ অ্যাকাউন্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন কনটেন্ট নির্মাতা হর্ষবীর জৈন। তিনি লেখেন, কৈশোরজুড়ে ক্যাটরিনা ছিলেন তার পছন্দের অভিনেত্রী। তার ছবি সংগ্রহ করা থেকে শুরু করে শুধু ক্যাটরিনা অভিনয় করেছেন বলেই সিনেমা দেখার স্মৃতিও তুলে ধরেন তিনি।

হর্ষবীর জৈন আরও বলেন, সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ করা অপ্রয়োজনীয়। ক্যাটরিনার ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের কথাও উল্লেখ করে তিনি ট্রোলারদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনার সমর্থনে অনেকেই সরব হন। একই পোস্টে ‘লাইক’ দিয়েছেন হৃতিক রোশন। ‘ব্যাং ব্যাং’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’সহ একাধিক সিনেমায় ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

অনুরাগীরা মনে করিয়ে দিয়েছেন, ২০২৫ সালের নভেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন ক্যাটরিনা। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থেকে সন্তান ও ব্যবসায় মনোযোগ দিচ্ছেন তিনি।

ক্যাটরিনাকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে। এর আগেও ঐশ্বরিয়া রাই বচ্চন, বিপাশা বসু, রিচা চড্ডা ও স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন।