https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। তিনি বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণের পর বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি বেশ কয়েক দিন আগের ছিল। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানান। নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির বলেন, বাসাটির পরিবেশ অস্বাস্থ্যকর ছিল। তিনি জানান, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব এবং আরেক ছেলে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।