মানিকগঞ্জ সদর উপজেলায় একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) এবং তাদের দেড় বছরের মেয়ে আলিজা আক্তার।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান আকরাম। শনিবার বেলা বাড়লেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ভেতরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আকরামকে ঝুলন্ত অবস্থায় এবং একই ঘরে তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকরাম তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।