যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে নিয়মিত ‘ভুয়া খবর’ এবং ‘মনগড়া তথ্য’ প্রচার করছে।
ট্রাম্প বলেন, এ কারণে সংবাদমাধ্যম তিনটির হোয়াইট হাউসে প্রবেশাধিকার অবিলম্বে বাতিল করা হচ্ছে। একই সঙ্গে আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
তবে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সাংবিধানিক প্রশ্ন উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনী সংবাদ ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা দেয়।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও অন্যায্য সংবাদ পরিবেশনের অভিযোগ করে আসছেন। তার প্রশাসনের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক নিয়েও এর আগে একাধিকবার বিরোধ দেখা গেছে।

মন্তব্য করুন