জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের সম্ভাবনার পাশাপাশি ইরানের প্রতি কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রে ইংগিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ানের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের বৈঠকে তার আপত্তি নেই এবং সময় পেলে তিনি বৈঠক করতে পারেন। তবে একই সঙ্গে ইরানের সামনে তিনটি বিকল্প রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এগুলো হলো ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা অথবা একটি চুক্তিতে পৌঁছানো।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অন্যতম কেন্দ্র ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি। তবে সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের টানাপোড়েনে কৌশলগত হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।
যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচল সীমিত করার পদক্ষেপ নেয় ইরান। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের কিছু শর্ত রয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল, গ্যাস ও অন্যান্য পণ্যবাহী জাহাজের চলাচল গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও পেজেশকিয়ানের সম্ভাব্য বৈঠক হলে তা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

মন্তব্য করুন