ভারতীয় ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এশিয়ান গেমসের দলে জায়গা পাওয়ার পর দেশের জার্সিতে অভিষেকের সম্ভাবনার কয়েক ঘণ্টা আগে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী এক তরুণীর সঙ্গে বিপরাজের আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই পরস্পরের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন।
তরুণীর অভিযোগ, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপরাজের সঙ্গে তার পরিচয় হয়। বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। পরে ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী। এ ঘটনায় ১৬ ডিসেম্বর তিনি গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় অভিযোগ করেন।
অন্যদিকে, গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল।
সোমবার অভিযোগটি নতুন করে সামনে আসে। ওই তরুণী বিপরাজের সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে অপেক্ষা করলেও তিনি তখন জাপানে থাকায় দেখা হয়নি। পরে বিপরাজের বাবা তার সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর দেখা করার আশ্বাস দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে জায়গা পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন।

মন্তব্য করুন