দেশে গত বছরের তুলনায় ডাকাতি, খুন, চুরি, দস্যুতা ও নারী-শিশু নির্যাতনসহ অধিকাংশ অপরাধ কমেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৫ ও ২০২৬ সালের প্রথম নয় মাসের তুলনামূলক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে। দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে হয়েছে ১ হাজার ৩৭৪টি।

এ সময়ে খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে নেমেছে। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ড কমেছে ২৫৪টি। দাঙ্গার ঘটনাও ৬২টি থেকে কমে দাঁড়িয়েছে ১৭টিতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও দেখা গেছে, নারী নির্যাতনের ঘটনা ৯ হাজার ২৬২টি থেকে কমে ৮ হাজার ৯৭৮টি হয়েছে। শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৫৯১টি থেকে কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১টিতে। অন্যদিকে অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে হয়েছে ৭৬৯টি।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের হিসাবেও অধিকাংশ অপরাধ কমার প্রবণতা দেখা গেছে। এ সময়ে ডাকাতির ঘটনা ১৭১টি থেকে কমে ১২৩টি এবং দস্যুতার ঘটনা ৫১১টি থেকে কমে ৪৬৭টি হয়েছে।

একই সময়ে খুনের ঘটনা ৯৮০টি থেকে কমে ৮৮১টিতে নেমেছে। চুরির ঘটনা ২ হাজার ৬৯৩টি থেকে কমে হয়েছে ২ হাজার ৫৭৬টি। দাঙ্গার ঘটনা ৯টি থেকে কমে পাঁচটি হয়েছে।

এ ছাড়া জুলাই-সেপ্টেম্বর সময়ে শিশু নির্যাতনের ঘটনা ১ হাজার ৪৩২টি থেকে কমে ১ হাজার ২৩৮টি এবং অপহরণের ঘটনা ২৯৫টি থেকে কমে ২৪২টিতে দাঁড়িয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং অপরাধ দমনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে অপরাধের সংখ্যা কমেছে। তবে প্রকাশিত পরিসংখ্যানে অপরাধের সংখ্যা কমার কারণ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হয়নি।