বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অনুসন্ধান শেষ করে তথ্যচিত্রসহ বিস্তারিত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক কার্যক্রম, অভ্যন্তরীণ পরিস্থিতি ও বাস্তব অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো, কার্যক্রমের মূল্যায়ন এবং সংগঠনের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত ১৫ সদস্যের আংশিক কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় মো. সুলতান বিন সিরাজকে।
এদিকে গত ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতৃত্বের এক নির্দেশনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়।
মুজাহিদুল ইসলাম মুরাদের অনুসন্ধান শেষে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্ব আরও বিস্তারিত ধারণা পাবে বলে আশা করা হচ্ছে। তবে তদন্তের ফলাফল কিংবা পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

মন্তব্য করুন