দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের সমুদ্র অভিমুখে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেসিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকার কাছ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে (জিএমটি ০৩৩০) ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি জোরদার করেছে এবং আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান করছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) বাইরে গিয়ে পড়েছে।

এর আগে জাপানের কোস্ট গার্ডও জানিয়েছিল যে, নিক্ষিপ্ত বস্তুটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তা ইতিমধ্যে সমুদ্রে পতিত হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর উত্তর কোরিয়া সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। গত মাসে আন্তঃকোরীয় সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা আহত হওয়ার ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। চলতি বছর পিয়ংইয়ং ১০ বারেরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।