পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন ও হাটের ইজারাদার আব্দুস সালাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটের ইজারাদারের কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেনের বয়স ৪০ বছর। তিনি আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। রিপন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
অন্যদিকে, নিহত আব্দুস সালামের বয়স ৫০ বছর। তিনি একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে এবং পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন রিপন ও সালাম। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন