ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনায় এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪১টির ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ১৩১ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এসব ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভূল্লীতে ৩৯টি কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়।
উপনির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।

মন্তব্য করুন