নভেম্বর মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। আগামী মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান দাম বহাল রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসেও প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণত প্রতি মাসে দেশের বাজারে বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ। তবে সেপ্টেম্বরের পর থেকে জ্বালানি তেলের দাম আর পরিবর্তন করা হয়নি।
গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয় এবং অক্টোবর মাসজুড়েও তা বহাল ছিল। এবার নভেম্বর মাসেও একই দাম রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

মন্তব্য করুন