নতুন সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মের নির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এটি হবে শাকিলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে এখনো সিনেমার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শরিফুল রাজের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

সৈয়দ শাকিল জানান, পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন—এমন একটি আবেগঘন সামাজিক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চান তিনি। একসময় বাংলাদেশের সিনেমায় পারিবারিক গল্পের যে আবেদন ছিল, সেটি ফিরিয়ে আনার লক্ষ্য তাঁর।

রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। মুক্তির সম্ভাব্য সময় ধরা হচ্ছে আগামী কোরবানির ঈদ।

এদিকে কোরবানির ঈদে শরিফুল রাজের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত ‘কালাভুনা প্যারাডক্স’ সিনেমাটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। এতে রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।