ফিলিপাইনে এই সপ্তাহে অনুষ্ঠিতব্য আসিয়ান (ASEAN) বৈঠকে চীনের অংশগ্রহণের পথে ম্যানিলা “একাধিক বাধা সৃষ্টি করেছে” বলে বৃহস্পতিবার বেইজিং অভিযোগ করেছে। এই বৈঠকে চীনের প্রতিনিধিত্ব করবেন দেশটির দূতাবাসের একজন অ্যাটাশে (প্রতিনিধি)।

যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ তাদের প্রতিরক্ষা প্রধানদের পাঠালেও, চীন ম্যানিলায় অবস্থিত নিজেদের দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, “ফিলিপাইন পক্ষ কিছু রাজনীতিবিদকে ব্যক্তিগত স্বার্থে সরকারি পদ ব্যবহারের সুযোগ দিয়েছে এবং ‘আসিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং-প্লাস’ -এ চীনের অংশগ্রহণের পথে নানা বাধা সৃষ্টি করেছে।”

মুখপাত্র আরও বলেন, “এটি আসিয়ানের ঐকমত্যের নীতিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং শীর্ষ সম্মেলনের উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিমূলক মনোভাবের পরিপন্থী কাজ করেছে।” বেইজিংয়ের এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী আসিয়ানের এক সংবাদ সম্মেলনে বলেন যে, আঞ্চলিক জোটের অন্য কোনো সদস্য দেশ এই অবস্থানের সঙ্গে একমত নয়।

গিলবার্তো তেওদোরো সাংবাদিকদের বলেন, “এটি চীনের অবস্থান; আসিয়ানের অবস্থান নয়।” তিনি আরও যোগ করেন, “তাদের নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল, যা তারা আগে থেকেই বলে আসছে—এর চেয়ে ভিন্ন কিছু নয়।”

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট—আসিয়ান (ASEAN)-এর দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার সেবুতে শেষ হচ্ছে। বুধবার এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ একটি ‘উচ্চাকাঙ্ক্ষী’ যুক্তরাষ্ট্র-আসিয়ান প্রতিরক্ষা কাঠামো তৈরির প্রস্তাব দেন। এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এমন উদ্যোগ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলো নিয়ে বহু বছর ধরে চীনের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে।