পোস্টে তিনি লেখেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন ও বিস্তারে যাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাঁদের নিয়ে অপপ্রচার ও অসম্মানজনক বক্তব্য দেওয়া দুঃখজনক নজির। সামান্তা শারমিনকে নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, লিয়াজোঁ কমিটি ও জাতীয় নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিরা না থাকলে এত দ্রুত একটি রাজনৈতিক দল গঠন সম্ভব হতো না। যারা দলের ভিত গড়ে দিয়ে জোটের কারণে দল ছেড়ে চলে গেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
তিনি আরও বলেন, এসব ব্যক্তি দিনরাত পরিশ্রম করেছেন বলেই বর্তমান নেতৃত্ব একটি সংগঠিত দল পেয়েছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারলেও রাজনৈতিক সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক চর্চার স্বার্থে অন্তত নীরব থাকা উচিত।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে জোট, নির্বাচনি কৌশল, নারী নেতৃত্বের অবস্থান এবং কাউন্সিল ছাড়া নতুন কমিটি গঠনের বিষয়ে মতপার্থক্যকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে সম্প্রতি সামান্তার বাসা থেকে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়।

মন্তব্য করুন