ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে একটি পক্ষ শ্রমিকের ছদ্মবেশে পরিকল্পিতভাবে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় থেকে আনসার রোড মোড় পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে শ্রমিকদের সঙ্গে বিএনপির ঐক্যের কথা তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান, আবুল হাসেম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু প্রধান ও লেয়াকত আলী।
এ ছাড়া বিএনপি নেতা নুরুজ্জামান ও মফিজ উদ্দিন, পৌর যুবদল নেতা রাসেল খান, শ্যামল ও মারুফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে আরও অংশ নেন ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আলম, কৃষকদল নেতা হিরণ, যুবদল নেতা সোহেল ও রাকিব এবং ছাত্রদল নেতা আমিনুল, শাহরিয়ার ইসলাম রিয়াদ, রাদি, মাসুদ ও ফয়সালসহ অনেকে।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে তারা সমর্থন করেন। তবে এ আন্দোলনকে পুঁজি করে কেউ যেন নাশকতা, ভাঙচুর বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তবে নাশকতার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন