ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে স্থানীয়দের সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল। প্রায় সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কেও যান চলাচল শুরু হয়েছে।
এর আগে সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়। পাশাপাশি ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
স্থানীয়দের দাবি, আগের বাসুদেব ইউনিয়ন পুনর্বহাল করতে হবে। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। দাবি পূরণ না হলে প্রতিদিন একই ধরনের কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

মন্তব্য করুন