ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এমন পদক্ষেপে যুদ্ধ থামার বদলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রশাসন ও সামরিক বাহিনীর একাংশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাতে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিয়ে তেহরানকে যুদ্ধ বন্ধে বাধ্য করার সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতা নিহত হন।
পরবর্তী সময়ে খামেনির ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। তবে বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
এতসব হামলা ও নেতৃত্বে পরিবর্তনের পরও যুদ্ধের অবসান হয়নি। বরং দীর্ঘ নয় মাসের সংঘাতের মধ্যে নতুন করে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ট্রাম্প প্রশাসনের একাংশ মনে করছে, এ ধরনের অভিযান ইরানের ওপর চাপ বাড়াবে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি করতে পারে।
তবে এর বিরোধীরা বলছেন, এতে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর হয়ে উঠতে পারে। একই সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা কমবে এবং মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়বে।
সব মিলিয়ে, ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে সম্ভাব্য হামলা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই তৈরি হয়েছে মতবিরোধ।

মন্তব্য করুন