নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। ২০১৪ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুরু হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও উচ্চ আদালতের রায়ের পর মামলাটি এখন আপিল বিভাগের শুনানিতে এসেছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্যরা হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।

এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথক দুটি মামলা করেন।

মামলার বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র‍্যাবের তৎকালীন তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।

২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। এতে ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য ৯ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও বহাল থাকে।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে রয়েছেন নূর হোসেন এবং র‍্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মুহাম্মদ, আরিফ হোসেন ও মাসুদ রানা।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরবর্তী সময়ে আসামিরা আপিল করেন। দীর্ঘদিন পর মামলাটি আপিল বিভাগে শুনানির জন্য ওঠায় সাত খুনের ঘটনায় ন্যায়বিচারের অপেক্ষায় থাকা পরিবারগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি।