পরিচালক জানান, সিনেমাটিতে বেশ কয়েকটি রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় এসব গানের ডেমো শুনে বুবলীর ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন নির্মাতা। পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও করেন তিনি।
এর আগে ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে গায়িকা হিসেবে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন বুবলী। এবার সরাসরি সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন তিনি।
এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। তাহসিন রিফাতের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।
অন্যদিকে পুরান ঢাকার মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে নির্মিত হচ্ছে বুবলীর নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। এতে তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির এটি চতুর্থ সিনেমা। আরও রয়েছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় সিনেমাটির নতুন লটের শুটিং শুরু হবে। এর মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন বুবলী।

মন্তব্য করুন