তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার পর দেশের কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ দেখা দিলেও নারায়ণগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শ্রমিকদের মধ্যে নতুন মজুরি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শিল্পাঞ্চলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার গভীর রাতে ভোটের মাধ্যমে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। তবে বোর্ডের সব সদস্য এ সিদ্ধান্তে একমত ছিলেন না।

নতুন মজুরি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, ঘোষিত মজুরি শ্রমিকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানান তিনি। তবে কোনো ধরনের বিশৃঙ্খলাকে সমর্থন করেন না বলেও জানান।

অন্যদিকে, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার কোথাও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।