চাঁদা আদায়কে কেন্দ্র করে বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস চলাচল বন্ধ থাকায় নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অনেক যাত্রীকে বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জরুরি কাজে বের হওয়া যাত্রীরাও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করত বাস মালিক সমিতি। তবে সম্প্রতি সেই চাঁদার পরিমাণ বাড়িয়ে ১৫০ টাকা দাবি করা হচ্ছে। বাস মালিকদের অভিযোগ, বাড়তি টাকা দাবি করা হলেও আগের মতোই ৩০ টাকার স্লিপ দেওয়ার কথা বলা হচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।
শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার রোমিজ উদ্দিন বলেন, আগে ৩০ টাকা চাঁদা নেওয়ার বিপরীতে ৩০ টাকার স্লিপ দেওয়া হতো। কিন্তু এখন ১৫০ টাকা দাবি করা হচ্ছে, অথচ স্লিপ দেওয়া হচ্ছে ৩০ টাকার। এ পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকলে শ্রমজীবী মানুষের আয়-রোজগারেও সমস্যা তৈরি হবে বলে জানান তিনি।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, নাটোর ও রাজশাহীতে যেভাবে চাঁদা আদায় করা হচ্ছে, তারাও একই পদ্ধতিতে চাঁদা উত্তোলন করছেন। তবে স্লিপের মূল্য নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।
এদিকে দুই পক্ষের বিরোধের কারণে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে দূরপাল্লার যাতায়াতে আরও দুর্ভোগের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন