স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোড় এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। তবে শ্রমিকরা অন্য স্থানে গিয়ে আবারও সড়কে অবস্থান নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায়ও শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এদিকে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে জেলার ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
এদিকে একাধিক স্থানে শ্রমিকদের অবস্থান ও অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মন্তব্য করুন