বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো আরও একটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প উন্নয়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সম্ভাবনার কথা তুলে ধরেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশের বন্দর ও নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। দেশের আন্তর্জাতিক বাণিজ্য অনেকাংশে সমুদ্রবন্দরনির্ভর। তাই বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করা প্রয়োজন।

চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই তিন দেশকে নিয়ে অর্থনৈতিক করিডর গড়ে তোলার আহ্বান জানান। এ উদ্যোগ এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে।

তাঁর মতে, এই করিডরকে কেবল অবকাঠামো প্রকল্প হিসেবে দেখলে চলবে না। বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে।

তবে করিডর বাস্তবায়নের আগে রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ প্রয়োজন বলেও উল্লেখ করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও চীনের ভূমিকার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ-চীন সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে দুই দেশের অংশীদারত্ব গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা বিস্তৃত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করে বিআইআইএসএস ও বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স। এতে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।