মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার প্রথম বাছাইপর্বে ঘোষিত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় তার নাম না থাকায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম ধাপের বাছাই শেষে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। তবে সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের মাহির।

প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেন মাহি। বিশেষ করে জাতীয় পোশাক প্রদর্শনীতে তার পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে উপস্থিত হন তিনি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ ভাবনাকে কেন্দ্র করে তৈরি পোশাকটির মাধ্যমে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেন এই প্রতিযোগী।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। পোশাকটির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। পাশাপাশি মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর বিভিন্ন পর্যায় ফুটিয়ে তোলা হয়।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন পর্যায়ে অনলাইন ভোটে ভালো অবস্থানে ছিলেন মাহি। তবে দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল মাত্র একজন প্রতিযোগীর। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।

২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। এরপর ২০২৪ সালে অনিকা আলম দেশের প্রতিনিধিত্ব করেন। গত আসরে তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম ধাপেই থেমে গেল সামিরা খান মাহির যাত্রা।